দুর্গাপুর: পুকুরে ভাসছে পচা গলা দেহ। সাত সকালেই হুলুস্থুল কাণ্ড দুর্গাপুরের ধান্ডাবাগ সুকান্ত পল্লীতে। দেহ উদ্ধার করে দুর্গাপুর থানার পুলিশ। মৃতের নাম পরিচয় জানা যায়নি। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে পুকুরে দেখা যায় এক ব্যক্তির দেহ ভাসছে। প্রথমে স্থানীয় কয়েকজন বাসিন্দার নজরে আসে পুকুরের জলে অস্বাভাবিকভাবে ভাসতে থাকা দেহটি।

এরপর দ্রুত খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। মুহূর্তের মধ্যে পুকুরপাড়ে ভিড় জমান স্থানীয় মানুষজন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দুর্গাপুর থানার পুলিশ। পুলিশ দেহটি উদ্ধার করে প্রাথমিক তদন্ত শুরু করেছে। কীভাবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। দেহটি কতদিন ধরে জলে ছিল, তা নিয়েও তদন্ত চলছে। মৃতের শরীর পচাগলা অবস্থায় থাকায় পরিচয় শনাক্ত করতে বেগ পেতে হচ্ছে পুলিশকে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়। আশীষ গরাই নামের এলাকার বাসিন্দা বলেন,” সকালে খবর পেয়ে পুকুরপাড়ে এসে দেখি পুকুরে ভাসছে অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ। কোথা থেকে এলো তা আমরা জানিনা।”

