নিজের হাতেই আবর্জনার স্তুপ সরিয়ে জল নিষ্কাশনের ব্যবস্থা করে দিল ডাবগ্রাম ফুলবাড়ী কেন্দ্রের বিধায়িকা।
টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে শিলিগুড়ি ইস্টার্ন বাইপাস সংলগ্ন ক্ষুদিরাম পল্লী এলাকা। রাত থেকেই বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় দুর্ভোগে পড়েন এলাকাবাসীরা। শুক্রবার সকালে ক্ষুব্ধ বাসিন্দারা একত্রিত হয়ে পরিস্থিতি নিয়ে প্রতিবাদ জানান।ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান বিধায়ক শিখা চ্যাটার্জী। তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস দেন। পরিদর্শনের সময়ে নিজেই হাতে আবর্জনার স্তুপ সরিয়ে জল নিষ্কাশনের ব্যবস্থা করেন বিধায়িকা। তাঁর এই উদ্যোগে সাময়িকভাবে জল নামার পথ তৈরি হয় এবং এলাকাবাসীর কিছুটা স্বস্তি ফেরে।

এছাড়াও এলাকায় পর্যাপ্ত নিকাশী ব্যবস্থার অভাব এবং ফুটপাত দখল করে ব্যবসা চালানোর অভিযোগ ওঠেছে। বিষয়টি নিয়ে কড়া অবস্থান নিয়ে বিধায়িকা দখলদার ব্যবসায়ীদের সতর্ক করে দেন। তিনি স্পষ্টভাবে জানান, অবিলম্বে ফুটপাত খালি করে ড্রেন নির্মাণের কাজ শুরু করতে হবে, নচেৎ সরকারের পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরেই এলাকায় জলনিকাশীর সমস্যা রয়েছে। দ্রুত স্থায়ী সমাধান না হলে ভবিষ্যতেও এমন পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা।

