এক নাবালিকার নিখোঁজ হওয়ার ঘটনায় তিব্র চাঞ্চল্য ছড়িয়েছে ধূপগুড়ি ব্লকের রায়পাড়া ১৬ নম্বর ওয়ার্ডের। নিখোঁজ নাবালিকার নাম মৌমিতা মন্ডল (১৬)। সে ধূপগুড়ি গার্লস স্কুলের ছাত্রী এবং পরিবারের তিন কন্যার মধ্যে সবচেয়ে বড়। মৌমিতার মা অর্চনা মন্ডল জানান, গতকাল সামান্য একটি বিষয় নিয়ে তিনি মেয়েকে একটু বকাঝকা করেছিলেন। এরপর সন্ধ্যা ছয়টার পর থেকে আর বাড়িতে দেখা যায়নি মৌমিতাকে। পরিবারের সদস্যরা চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। আত্মীয়-স্বজনের বাড়িতেও খোঁজ মিলেনি নাবালিকার। ঘটনা ধূপগুড়ি থানায় লিখিত আকারে জানায় মৌমিতার মা।

অর্চনা মন্ডল বলেন, “মেয়ের মানসিক সমস্যা রয়েছে। সে নিয়মিত ওষুধ খায়। অনেক সময় সে কী বলছে বা কী করছে, তা নিজেও বুঝতে পারে না। প্রায়ই বলত, ‘আমি থাকব না আর মা-বাবার সঙ্গে, চলে যাব দূরে কোথাও।’ কিন্তু সামান্য বকুনির কারণে সে সত্যিই এভাবে বাড়ি ছেড়ে চলে যাবে, তা কখনও কল্পনাও করিনি।” পরিবারের দাবি, বাড়ি থেকে বের হওয়ার সময় মৌমিতার পরনে ছিল সাদা রঙের পোশাক এবং তার পায়ে কোনো জুতো ছিল না।

