ডাবগ্রাম দুই নম্বর অঞ্চলের তেলিপাড়া এলাকায় নিকাশী নালার বেহাল ব্যবস্থার কারণে চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। সামান্য বৃষ্টি হলেই জল বেরোনোর কোনো সঠিক ব্যবস্থা না থাকায় রাস্তাঘাট জলমগ্ন হয়ে পড়ে। ফলে নিত্যদিনের যাতায়াতে মারাত্মক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এলাকাবাসীকে। উল্লেখ্য, ওই রাস্তায় একটি বেসরকারি স্কুলও রয়েছে, যার কারণে সমস্যার প্রভাব পড়ছে ছাত্রছাত্রীদের উপরও।

এলাকাবাসীদের অভিযোগ, বিষয়টি নিয়ে তারা ইতিমধ্যে দু’বার লিখিতভাবে প্রধানকে জানিয়েছেন। কিন্তু এখনও পর্যন্ত কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি। পাশাপাশি পঞ্চায়েতের তরফ থেকেও এই সমস্যার সমাধানে কোনো উদ্যোগ দেখা যায়নি বলে দাবি তাঁদের। স্থানীয়দের কথায়, বহু বছর ধরেই রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ, কিন্তু দেখভালের জন্য কেউ এগিয়ে আসছে না।
এদিকে এলাকায় আরও একটি নতুন সমস্যা তৈরি হয়েছে বলে অভিযোগ। স্থানীয়দের দাবি, একজন প্রভাবশালী ব্যক্তি নিজের জায়গায় বহুতল বাড়ি নির্মাণ করেছেন। নির্মাণ নিয়ে আপত্তি না থাকলেও, তাঁর বাড়ির সামনে রাস্তার অংশে অনেকটা উঁচু করে বালি ফেলে রাস্তা উঁচু করেছে । যদিও দুই পাশে ড্রেন তৈরি করা হয়েছে, তবে সেই ড্রেন দিয়ে জল নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। ফলে বৃষ্টির সময় জল জমে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।
এ বিষয়ে প্রধানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, মূল রাস্তায় কিছুদিন আগে বালি-পাথর ফেলে মেরামতির কাজ করা হয়েছে। তবে পাশের গলিতে কাজ হয়নি। তাঁর কথায়, “সেখানে জল কোন পথে বের হবে তা নিয়ে পঞ্চায়েতের সঙ্গে কোনো আলোচনা হয়নি। পঞ্চায়েত যদি আমাদের সঙ্গে বসে, তাহলে নিকাশী ব্যবস্থার সমাধান করা সম্ভব।”
এই পরিস্থিতিতে দ্রুত সমস্যার সমাধান এবং স্থায়ী নিকাশী ব্যবস্থার দাবি তুলেছেন এলাকাবাসী।

