শুক্রবার ত্রিপুরার এডিসি নির্বাচনী আঙিনায় আবারও নিজেদের শক্তিমত্তার প্রমাণ দিল তিপ্রামথা দল। খোয়াই জেলা ১১-মহারাণী তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের ভোট গণনায় বড় জয় হাসিল করলেন তিপ্রামথা দলের প্রার্থী উৎপল দেববর্মা। ষষ্ঠ রাউন্ডের ভোট গণনা শেষে প্রাপ্ত ফলাফল অনুযায়ী, উৎপল দেববর্মা ১৩,৮৪৩ ভোটের বিশাল ব্যবধানে জয়ী হয়েছেন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে ষষ্ঠ রাউন্ডের শেষে চূড়ান্ত ফলাফল ঘোষণা হতেই গণনাকেন্দ্রের বাইরে উপস্থিত তিপ্রামথা দলের কর্মী-সমর্থকদের মধ্যে আনন্দের জোয়ার বয়ে যায়। জয়ের খবর ছড়িয়ে পড়তেই দলীয় পতাকা হাতে নিয়ে তিপ্রামথা দলের সমর্থকরা উল্লাসে মেতে ওঠেন।

‘তিপ্রাল্যান্ড’ স্লোগান এবং আবির খেলায় মেতে উঠতে দেখা যায় উৎসাহী তিপ্রামথা কর্মী-সমর্থকদের। শুধু ভোট গণনাকেন্দ্রের বাইরেই নয়, তেলিয়ামুড়ার বিভিন্ন প্রান্ত থেকেও জয়ের খবর আসার পর থেকেই তিপ্রামথা দলের কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা পরিলক্ষিত হয়েছে। জয়ী হওয়ার পর তিপ্রামথা দলের প্রার্থী উৎপল দেববর্মাকে ঘিরে সমর্থকদের মধ্যে উন্মাদনা ছিল তুঙ্গে। দলীয় কর্মীরা তাদের প্রিয় প্রার্থীকে মালা পরিয়ে এবং মিষ্টি মুখ করিয়ে সংবর্ধনা জানান। এই জয়কে সাধারণ জনজাতি মানুষের জয় হিসেবেই দেখছে তিপ্রামথা দল ।

