রাজ্যে রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের সাথে সাথে কাটমানির বিরুদ্ধে সোচ্চার হয়েছেন সাধারণ মানুষ। এরই ফলস্বরূপ, জলপাইগুড়ির পাটকাটা গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গাপাড়া এলাকার ১৯৬ নং বুথে বাসিন্দারা তাদের টাকা ফেরত পেতে শুরু করেছেন। আবাস যোজনার নামে নেওয়া কয়েক লক্ষ টাকা উপভোক্তাদের ফেরত দিচ্ছেন স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য সুদীপ বছার।

জানা গেছে, আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এই টাকা নেওয়া হয়েছিল। স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে শেষ পর্যন্ত টাকা ফেরাতে বাধ্য হন ওই নেতা। কাটমানির টাকা হাতে পেয়ে কিছুটা স্বস্তি প্রকাশ করেছেন এলাকার ভুক্তভোগী পরিবারগুলো। এই পুরো প্রক্রিয়ায় স্থানীয় বিজেপি নেতৃত্বের ভূমিকাও ছিলো উল্লেখযোগ্য, কারণ গ্রামবাসীদের দাবি আদায়ে তারা সরাসরি পাশে দাঁড়িয়েছিলেন।
একই পঞ্চায়েত সমিতির সদস্য রাজেশ লাকরার বিরুদ্ধে আবাস যোজনায় কাটমানি নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। সেই ঘটনায় গ্রামবাসীরা পুলিশের দ্বারস্থ হলেও, অভিযুক্ত রাজেশ লাকরা এখনও পলাতক। পুলিশি তদন্ত এবং অভিযুক্তের গ্রেপ্তারের অপেক্ষায় রয়েছেন এলাকার বাসিন্দারা। সকলের আশা, সুদীপ বছারের মতো তিনিও কাটমানির টাকা ফেরত দেবেন এবং আইনের আওতায় আসবেন।

