শিলিগুড়ির উত্তর একটিয়াশাল পাইপলাইন এলাকায় গরু চুরির সন্দেহে দুই ব্যক্তিকে গণপিটুনির ঘটনায় একজনের মৃত্যু হয়েছে, অপরজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে।
জানা গিয়েছে, শুক্রবার গভীর রাত থেকে এলাকায় গরু চোরের আতঙ্ক ছড়ায়। শনিবার সকালে সন্দেহজনকভাবে দুই ব্যক্তিকে আটক করে স্থানীয় বাসিন্দারা। এরপর তাদের একটি খুঁটির সঙ্গে বেঁধে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় আশিঘর ফাঁড়ির পুলিশ। পুলিশ গুরুতর আহত অবস্থায় দু’জনকে উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা একজনকে মৃত বলে ঘোষণা করেন। অপরজন বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, ওই দুই ব্যক্তির বাড়ি ইসলামপুর এলাকায় হলেও এখনও পর্যন্ত তাদের পরিচয় নিশ্চিত করা যায়নি।
ঘটনার পর এলাকায় বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। ইতিমধ্যেই পুলিশ ভিডিও ফুটেজ খতিয়ে দেখে কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

