জেলার ঐতিহ্য সংরক্ষণ, পর্যটন শিল্পের বিকাশ এবং অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে পশ্চিমবঙ্গের বন ও পরিবেশমন্ত্রী মনোজ কুমার ওরাও-এর হাতে দাবি-সংবলিত একটি স্মারকলিপি তুলে দিল আলিপুরদুয়ার হেরিটেজ সোসাইটি। বৃহস্পতিবার মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে সংস্থার প্রতিনিধিরা জেলার উন্নয়ন ও ঐতিহ্য রক্ষায় একাধিক গুরুত্বপূর্ণ প্রস্তাব তুলে ধরেন।

স্মারকলিপিতে প্রথমেই আলিপুরদুয়ার জেলাকে কেন্দ্র করে একটি সমন্বিত হেরিটেজ ট্যুরিজম প্রকল্প গড়ে তোলার প্রস্তাব দেওয়া হয়।

এছাড়াও কুমারগ্রামের ঐতিহাসিক থানাকে হেরিটেজ হিসেবে ঘোষণা করে সংরক্ষণ ও উন্নয়নের দাবি জানানো হয়। পাশাপাশি আলিপুরদুয়ার জেলা শহরে একটি সাধারণ মিউজিয়াম এবং একটি ট্রাইবেল মিউজিয়াম প্রতিষ্ঠার প্রস্তাবও দেওয়া হয়েছে। এই দুই প্রকল্পের ক্ষেত্রেও প্রয়োজনীয় কাগজ জমা দেওয়ার আশ্বাস দিয়েছে সংস্থা।

স্মারকলিপিতে কুমারগ্রাম, কালচিনি, হাসিমারা, জয়গাঁও ও বীরপাড়ার মতো প্রত্যন্ত অঞ্চলে উন্নত গণপরিবহন পরিষেবা চালুর জন্য পরিবহন দপ্তরের কাছে সুপারিশ করার আবেদন জানানো হয়। পাশাপাশি আলিপুরদুয়ার মহকুমার ১৫০ বছর পূর্তি উপলক্ষে সরকারি উদ্যোগে সার্ধশতবর্ষ উদযাপনের প্রস্তাবও মন্ত্রীর সামনে তুলে ধরা হয়।

সংস্থার দাবি, এই উদ্যোগগুলি বাস্তবায়িত হলে জেলার ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি পর্যটনের প্রসার, স্থানীয় অর্থনীতির বিকাশ এবং কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে।

এদিনের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার হেরিটেজ সোসাইটি-এর সম্পাদক ড. শুভময় দত্ত, ড. দেবাশীষ দে-সহ সংস্থার অন্যান্য সদস্যরা। প্রতিনিধিদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন বনমন্ত্রী এবং বিষয়গুলি গুরুত্ব সহকারে বিবেচনার আশ্বাস দেন বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *