আন্তর্জাতিক মে দিবস পালন দুর্গাপুরের ইস্পাত নগরীতে। মাল্য দান করে শহীদদের শ্রদ্ধা জানালেন প্রয়াত বিদ্যুৎমন্ত্রী মৃণাল বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী স্মৃতি বন্দ্যোপাধ্যায়। তিনি শহীদ বেদীতে মাল্যদান করে শ্রমিক আন্দোলনের আত্মত্যাগী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। এদিন সিপিএম নেতা-কর্মী, সমর্থক ও স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে কর্মসূচি ঘিরে তৈরি হয় শ্রদ্ধা ও সংহতির পরিবেশ।

শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে যাঁরা আত্মবলিদান দিয়েছেন, তাঁদের স্মরণ করে মে দিবসের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি শ্রমিক স্বার্থ রক্ষা, সামাজিক ন্যায় এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লড়াইকে আরও শক্তিশালী করার বার্তাও দেওয়া হয় অনুষ্ঠানের মাধ্যমে। দুর্গাপুর শিল্পাঞ্চলে এই কর্মসূচি শ্রমিক আন্দোলনের ইতিহাস ও সংগ্রামের ধারাকে নতুন করে স্মরণ করিয়ে দেয়।

