শুক্রবার সকাল ৮টা থেকে শুরু হতে যাচ্ছে ত্রিপুরায় এডিসি নির্বাচনের ভোটগণনার কাজ। ব্যালট বাক্সে বন্দি হওয়া ‘গণদেবতার রায়’ কার পক্ষে যায়, সেদিকেই এখন তাকিয়ে গোটা রাজ্য। ভোটগণনা প্রক্রিয়া যাতে সম্পূর্ণ সুষ্ঠু, স্বচ্ছ এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, তা নিশ্চিত করতে কোমর বেঁধে ময়দানে নেমেছে দক্ষিণ জেলা প্রশাসন। সকাল থেকেই দক্ষিণ জেলার বিভিন্ন কাউন্টিং হল বা গণনা কেন্দ্রগুলি পরিদর্শনে বের হন দক্ষিণ জেলার জেলাশাসক মহম্মদ সাজাদ পি। তিনি এদিন বিশেষ করে সাব্রুম এবং শান্তিরবাজার মহকুমার ভোট গণনা কেন্দ্রগুলি সরজমিনে খতিয়ে দেখেন। স্ট্রং রুমের নিরাপত্তা থেকে শুরু করে গণনাকর্মীদের বসার ব্যবস্থা, পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা— প্রতিটি খুঁটিনাটির দিক তিনি নিজে পর্যবেক্ষণ করেন।


পরিদর্শন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জেলাশাসক জানান, ভোট গননাকে কেন্দ্র করে দক্ষিণ জেলা প্রশাসনের পক্ষ থেকে সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভোট গণনা কেন্দ্রের নিরাপত্তা সুনিশ্চিত করতে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। শান্তিশৃঙ্খলা বজায় রেখে ভোট গণনা সম্পন্ন করতে প্রশাসন বদ্ধপরিকর।
ভোটগণনাকে কেন্দ্র করে গোটা দক্ষিণ জেলাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের উপস্থিতিতে এবং কড়া নজরদারিতে এই প্রক্রিয়া সম্পন্ন হবে। এখন শুধু সময়ের অপেক্ষা— কার মাথায় উঠতে চলেছে এডিসি এলাকার জয়ের মুকুট।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *