অবৈধ আগ্নেয়াস্ত্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে ফের বড় সাফল্য পেল মালবাজার থানার পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে সাদা পোশাকের পুলিশ ওত পেতে থেকে এক যুবককে একটি দেশি আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করেছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম সঞ্জীব বড়াইক। তিনি জলপাইগুড়ি জেলার গজলডোবা সাত নম্বর এলাকার বাসিন্দা।
জানা যায়, শনিবার সন্ধ্যায় মালবাজার থানার পুলিশ গোপন সূত্রে খবর পায় যে, ওদলাবাড়ি বাগান মোড় থেকে গজলডোবা সাত নম্বর এলাকার মাঝামাঝি এলাকায় সঞ্জীব বড়াইক একটি অবৈধ

দেশি আগ্নেয়াস্ত্র নিয়ে যাতায়াত করবে। খবর পাওয়ার পরই এএসআই আলতাব হোসেনের নেতৃত্বে সাদা পোশাকের পুলিশের একটি দল ঘটনাস্থলে ওত পেতে থাকে। অভিযুক্ত সেখানে পৌঁছাতেই পুলিশ তাকে আটক করে তল্লাশি চালায়। তল্লাশিতে তার কাছ থেকে একটি অবৈধ দেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। এরপরই তাকে গ্রেফতার করে মালবাজার থানায় নিয়ে আসা হয়।
পুলিশ জানিয়েছে, ধৃতের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। রবিবার তাকে জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হবে। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রটি কোথা থেকে এসেছে এবং এর সঙ্গে অন্য কোনো ব্যক্তি বা চক্র জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে তদন্তকারী পুলিশ। ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।

