সাত মাস পর চুরি যাওয়া মোটরবাইক উদ্ধার করে মালিকের হাতে তুলে দেওয়ার চেষ্টায় সফল হল মাটিগাড়া পুলিশ। মাটিগাড়া থানা পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতবছর অগাষ্ট মাসে শিব মন্দির থেকে একটি মোটর বাইক চুরি যায়। শুভ্রজ্যোতি অধিকারী নামে এক ব্যক্তি তার মোটরবাইকটি রাস্তায় পার্ক করে বাজার করছিলেন।

সেই সময় উধাও হয়ে যায় তার মোটরবাইকটি। বিষয়টি নিয়ে মাটিগাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন শুভ্রজ্যোতি অধিকারী। চুরি যাওয়া মোটরবাইকটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছিল মাটিগাড়া থানার পুলিশ। অবশেষে মিলল সাফল্য।
গতকাল সলকাভিটা থেকে ওই চুরি যাওয়া মোটরবাইকটি উদ্ধার করতে সক্ষম হয় মাটিগাড়া থানার পুলিশ। এই ঘটনায় দিবাকর সিংহ ওরফে শিবা নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে মাটিগাড়া থানার পুলিশ। শিবা নিউ রঙিয়া জোতের বাসিন্দা। ধৃতকে আজ শিলিগুড়ি আদালতে পেশ করা হবে।

