এক টোটো চালককে প্রচন্ড মারধর করার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন আক্রান্ত টোটো চালকের পরিবার সহ অন্যান্য টোটো চালকরা। মারধরের অভিযুক্ত পুলিশ অফিসারের বিরুদ্ধে পদক্ষেপের দাবি টোট চালকদের। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হল মালদার রতুয়া থানার সামসী বাইপাস এলাকায়। জানা গেছে, আক্রান্ত টোটো চালকের নাম ইউনুস আলি। বাড়ি সামসী গ্রাম পঞ্চায়েতের মহেশপুর গ্রামে। অবরোধকারীদের বক্তব্য, বৃহস্পতিবার ভোর চারটা নাগাদ ইউনুস টোটো নিয়ে বাড়ির বাইরে বের হন। এক যাত্রীকে সামসী স্টেশনে রেখে তিনি সামসী ৪২০ মোড়ে রাস্তার ধারে টোটো রেখে চায়ের দোকানে চা খাচ্ছিলেন।

ওই সময় পুলিশের একটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছায় এবং গাড়ি থেকে এ.এস.আই দিলীপ চৌধুরী নেমে টোটোটি কার জিজ্ঞাসা করেন। টোটো চালক তার টোটো বলতেই তাকে প্রচন্ড মারধর করেন বলে অভিযোগ। মারধরের জেরে ওই টোটো চালক অসুস্থ হয়ে পড়েন। তাকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে সামসী গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে তাকে মালদা নিয়ে যাওয়া হয়।এই ঘটনার প্রতিবাদে সামসী-চাঁচল বাইপাস অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখায় টোট চালকরা। অবশেষে সামসী ফাঁড়ির পুলিশের আশ্বাসে প্রায় দুঘন্টা পর অবরোধ উঠে যায় বলে খবর।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *