পুজোর মুখে ব্যবসা বন্ধের ডাক ব্যবসায়ীদের। অভিনব প্রতিবাদ জানিয়ে ব্যবসা বন্ধের ডাক খোদ ব্যবসায়ীদের। কারণ কামাখ্যাগুড়ি রেলগেট অভিশাপ হয়ে দাড়িয়েছে গোটা কামাখ্যাগুড়ির জন্য। প্রায় সময়ি বন্ধ থাকে রেলগেট, যার ফলে ব্যবসায় মন্দা, যানজট, রোগি নিয়ে হাসপাতালে পৌছানো, ছাত্র-ছাত্রীদের স্কুল কলেজে পৌছানো ব্যাঘাত ঘটে। এর প্রতিবাদেই আগামী সোমবার, ১৮ই আগস্ট ২৪ ঘণ্টা ব্যবসা বনধের ডাক দিল কামাখ্যাগুড়ি ব্যবসায়ী সমিতি। সমস্যা মেটাতে উড়ালপুল নির্মাণের দাবি দীর্ঘ দিনের। পাশাপাশি বেহাল রাস্তা সংস্কার, যানজট এড়াতে রাস্তা সপ্রসারণের দাবিগুলিও রয়েছে। দীর্ঘ দিনের এই দাবিগুলি পূরণ না হওয়ায় এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে।

অবিলম্বে রেলওয়ে ওভার ব্রীজ নির্মাণ করা, বর্তমানে কামাখ্যাগুড়িতে সরকারি ও বেসরকারি বাস পরিষেবা প্রায় বন্ধ, তা পুনরায় চালু করার দাবি এবং এলাকার বেহাল রাস্তা সংস্কার ও সম্প্রসারণ, এই তিনটি মুখ্য দাবি নিয়েই ব্যবসায়ী সমিতির এই অভিনব প্রতিবাদ বলে জানা গিয়েছে। ওই দিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত চৌপথিতে অবস্থান-বিক্ষোভ সমাবেশের এবং সন্ধ্যা ৬টায় কামাখ্যাগুড়ি রেল স্টেশনে স্টেশন মাস্টারের মাধ্যমে ডিআরএম-এর উদ্দেশ্যে একটি গণ ডেপুটেশন জমা দেওয়া হবে বলে জানা গিয়েছে।

