মঙ্গলবার সন্ধ্যা থেকে ভারী বৃষ্টি শুরু হয় জলপাইগুড়ি জেলা জুড়ে। রাতভর ভারী বৃষ্টির জেরে ধূপগুড়ি মহকুমার বারঘোরিয়া গ্রাম পঞ্চায়েতের মান্তা পাড়া এলাকায় গান্দারা নদীর উপর থাকা কাঠের সেতুটি ভেঙে যায়। যার ফলে যোগাযোগ বিচ্ছিন্ন নদীর দুই পাড়ের বাসিন্দাদের। সমস্যায় পড়েছে হাজার হাজার গ্রামবাসী। দীর্ঘদিন থেকে এই কাঠের সেতুটির বেহাল দশা। ভারী বৃষ্টিতে গান্দারা নদীর জল বেড়ে যাওয়ায় স্রোতে ভেঙে যায় এই নড়বড়ে কাঠের সেতুটি। গুরুত্বপূর্ণ সেতুটি ভেঙে যাওয়ায় এলাকার ছাত্র-ছাত্রীদের থেকে শুরু করে গ্রামবাসীদের নিত্য প্রয়োজনে অনেকটা ঘুর পথে যেতে হচ্ছে।

অনেকে আবার ঘুর পথে না গিয়ে সাঁতার কেটে নদী পার হচ্ছেন। গ্রামবাসীদের অভিযোগ, সেতু তৈরি করার বিষয় বহুবার প্রশাসন এবং জনপ্রতিনিধিদের জানানো হয়েছে তা সত্ত্বেও এখনো পর্যন্ত সেতু তৈরি হয়নি। বহু বছর থেকে সেতুটি বেহাল অবস্থায় পড়ে ছিল, জনপ্রতিনিধিরা শুধু ভোটের সময় এসে প্রতিশ্রুতি দিয়ে ভোট নেয়, কাজের কাজ কিছুই হয় না। খবর পেয়ে এদিন ঘটনাস্থলে ছুটে যায় ধূপগুড়ির বিডিও সঞ্জয় প্রধান, পঞ্চায়েত সমিতির সদস্য টোটন বিশ্বাস সহ অন্যান্যরা। প্রশাসনের আধিকারিক এবং জনপ্রতিনিধিরা গ্রামবাসীদের আশ্বাস দিয়েছেন সম্ভবত পুজোর মধ্যেই সেতু তৈরি করা হবে। মান্তা পাড়ার বাসিন্দাদের কথায়, বহুবার এমন আশ্বাস মিলেছে তবে আদৌ কবে সেতু তৈরি হয় এখন সেটাই দেখার।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *