গ্রামীণ এলাকার মহিলাদের স্বনির্ভর করতে সোমবার কৃষি দফতরের তরফে “খাকি ক্যাম্বেল” প্রজাতির হাঁসের ছানা প্রদান করা হল আলিপুরদুয়ার জেলার কালচিনি এলাকায়। অন্যান্য হাঁসের চেয়ে এই প্রজাতির হাঁসের ডিম উৎপাদনের ক্ষমতা বেশি বলেও দাবি। খাকি ক্যাম্বেল হাঁস বছরে প্রায় ৩০০টি ডিম উৎপাদন করতে পারে বলে জানান কৃষি দফতরের আধিকারিকরা। ফলে আগামী দিনে এই হাঁস পালন করে স্বনির্ভর হওয়ার আশায় মহিলাদের। এদিন প্রায় কুড়িটি স্বনির্ভর দলের মহিলাদের এই হাঁসের ছানা প্রদান করা হয়।

এর পাশাপাশি, প্রায় ৫০০ কেজি হাঁসের খাদ্যও প্রদান করা হয় তাদের। আগামীতে আরও মহিলাদের এই ছানা দেওয়া হবে বলে জানানো হয়। এ বিষয়ে কালচিনি সহ কৃষি অধিকর্তা প্রবোধ মন্ডল বলেন, “এই খাকি ক্যাম্বেল প্রজাতির হাঁস জন্মের সাতমাসের মাথায় ডিম উৎপাদন করতে পারে। পাশাপাশি, এর মাংস সুস্বাদু হওয়ায় সেটারও ভালো চাহিদা রয়েছে।”

