ধূপগুড়ি পুরসভা এলাকায় বাংলা ভাষায় সাইনবোর্ড লেখা বাধ্যতামূলক করল ধূপগুড়ি পুরসভা। এদিন বিকেলে এবিষয়ে ধূপগুড়ি পুরসভার তরফে সভা ডাকা হয়। পুরসভার সভাকক্ষে ব্যবসায়ী সমিতি, শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাব,নাট্যকর্মী, সাহিত্যিক সহ বিভিন্ন প্রতিষ্ঠান এবং সংগঠনের প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত হয় বৈঠক। উপস্থিত ছিলেন, ধূপগুড়ি পুরসভার প্রশাসক মন্ডলীর ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং, প্রশাসক মন্ডলী সদস্য অরূপ দে সহ পুরসভার আধিকারিক এবং বিশিষ্টজনেরা। বাংলা ভাষায় সাইনবোর্ড লেখার বিষয়ে কিছুদিন আগেই ধূপগুড়ি পুরসভার বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত হয় ।এবার সকলকে নিয়ে বৈঠক ডেকে সেই সিদ্ধান্তের সিলমোহর দেওয়া হল।

পুরসভার এই উদ্যোগকে সাধুবাদ জানানোর পাশাপাশি বাংলা ভাষায় বিভিন্ন প্রতিষ্ঠানে সাইনবোর্ড লেখার বিষয়ে সকলে সম্মতি জানালেন। অন্যান্য যে কোন ভাষার পাশাপাশি ধূপগুড়ি পুর এলাকায় এবার থেকে লিখতে হবে বাংলা ভাষায় সাইনবোর্ড। শুধু বাংলা ভাষায় সাইনবোর্ড লিখলেই ভাষার প্রতি সম্মান জানানো হবে না। এর জন্য আরো কিছু উদ্যোগ নিতে হবে পুরসভাকে দাবি জানিয়েছে সকলে। বাংলা ভাষার মর্যাদা বৃদ্ধিতে ভাষা মন্ত্রক তৈরি করা হোক দাবি তুলেছেন সাহিত্যিকরা। ধূপগুড়ি পুরসভার প্রশাসক মন্ডলীর ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং জানিয়েছেন, সকলে সম্মতি জানিয়েছেন। কোন সাইনবোর্ড পরিবর্তন হবে না ,শুধু বাংলা ভাষায় একটা সাইনবোর্ড রাখতে হবে। ইতিমধ্যে ধূপগুড়ি পৌরসভা এলাকায় বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানে কাজ শুরু হয়ে গেছে।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *