শহরের বুকে অবৈধ নির্মাণের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল শিলিগুড়ি পুরনিগম। সোমবার সকাল থেকে সেবক রোডের বহুল পরিচিত ‘প্ল্যানেট মল’-এ অভিযান চালিয়ে ভেঙে ফেলা হল বেআইনি লিফট ও একাধিক স্টল। অভিযানে ব্যবহার করা হয় পুরনিগমের JCB মেশিন।
পুরনিগম সূত্রে জানা গিয়েছে, এই শপিং মলের নির্মাণ পরিকল্পনায় (বিল্ডিং প্ল্যান) লিফট কিংবা অতিরিক্ত স্টলের কোনও উল্লেখ ছিল না। অভিযোগ পেয়ে মলটির নকশা যাচাই করে পুরনিগম নিশ্চিত হয় যে নির্মাণ সংক্রান্ত একাধিক নিয়ম ভঙ্গ করা হয়েছে।

এরপরই স্থির হয়, অবৈধভাবে তৈরি অংশ ভেঙে ফেলা হবে। সেই অনুযায়ী এদিন পুরনিগমের ইঞ্জিনিয়ার, ইনফোর্সমেন্ট টিম ও সিভিক কর্মীদের উপস্থিতিতে অভিযান শুরু হয়। প্রথমেই ভেঙে ফেলা হয় লিফট ও আশপাশের অস্থায়ী দোকানপাট।
পুরনিগমের এক আধিকারিক জানান,আমরা আগেই নোটিশ দিয়েছিলাম, কোনও সদুত্তর না পাওয়ায় আজকের এই পদক্ষেপ।অভিযান চলাকালীন কিছু ব্যবসায়ী আপত্তি জানালেও প্রশাসন জানিয়ে দেয়—বিল্ডিং বাই ল’-র বাইরে গিয়ে কোনও স্থাপনা রেহাই পাবে না। এই পদক্ষেপে শিলিগুড়ি পুরনিগমের তরফে অবৈধ নির্মাণের বিরুদ্ধে যে কড়া বার্তা দেওয়া হয়েছে, তা পরিষ্কার বলেই মনে করছেন শহরবাসী।

