পাহেলগাঁওয়ে পর্যটকদের ওপর বর্বর জঙ্গি হামলার প্রতিশোধে ভারতের প্রত্যাঘাত। মঙ্গলবার মাঝরাতে ‘অপারেশন সিদূর’-এর মাধ্যমে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটিতে হামলা চালায় ভারতীয় বায়ুসেনা। যুদ্ধবিমান থেকে লক্ষ্য করে বোমাবর্ষণে গুঁড়িয়ে দেওয়া হয় নয়টি জঙ্গি ঘাঁটি। ভারতের জবাবি পদক্ষেপে কিছুটা স্বস্তি পেল দেশবাসী। শোকের আবহ কাটিয়ে বুধবার সকাল থেকেই শিলিগুড়ির নানা প্রান্তে শুরু হয় বিজয়ের উদযাপন। শহরের নানা প্রান্তে দেখা যায় ঢাকের বাদ্যি, আতশবাজি আর মিষ্টি বিতরণের মাধ্যমে অকাল দীপাবলির চিত্র।

প্রথমে গোষ্ঠপাল মূর্তির পাদদেশে সাধারণ মানুষ জড়ো হয়ে বিজয় উল্লাসে মাতে। এরপর হাসমি চকে বঙ্গীয় হিন্দু মহামঞ্চের সদস্যরা মিষ্টি বিতরণ ও বাজি ফাটিয়ে উদযাপন করে এই সফল অভিযানের খবর।
বিক্রমাদিত্য মণ্ডল বলেন, “ভারত এখন আর সহ্য করে না, প্রয়োজনে হাত ভেঙে দেওয়ার ক্ষমতা রাখে। এই অভিযান তার প্রমাণ।”

