অসমে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত দুর্গত মানুষদের পাশে দাঁড়াতে মানবিক উদ্যোগ নিল শিলিগুড়ির ‘মহানন্দা বাঁচাও কমিটি’। সংস্থার পক্ষ থেকে দুর্গতদের সহায়তার জন্য জুতো, পোশাক, খাতা-কলম ও চাদর সহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করা হয়েছে। সংস্থার সদস্যরা জানিয়েছেন, দুর্গতদের জন্য চাদর ও পোশাকের পাশাপাশি প্রায় ৩০ কুইন্টাল চিঁড়ে ও মুড়ি পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। একটি সহযোগী স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে এই সমস্ত সংগৃহীত ত্রাণসামগ্রী সরাসরি অসমের ক্ষতিগ্রস্ত মানুষদের হাতে পৌঁছে দেওয়া হবে বলে জানাগিয়েছে।

সোমবার মহানন্দা বাঁচাও কমিটির এই ত্রাণ সংগ্রহ ও প্যাকিং কার্যক্রম পরিদর্শনে আসেন শিলিগুড়ির বিধায়ক তথা পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ। তিনি নিজে উপস্থিত থেকে সংস্থার সদস্যদের সঙ্গে কথা বলেন এবং এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। এর পাশাপাশি তিনি আশ্বাস দেন, অসমের দুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসনের তরফে সম্ভাব্য সমস্ত রকম সহযোগিতা করা হবে।মহানন্দা বাঁচাও কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও বিপর্যস্ত মানুষের সেবায় এই ধরনের মানবিক কাজ অব্যাহত থাকবে। একই সঙ্গে সমাজের বিভিন্ন স্তরের সাধারণ মানুষকেও এই আর্তের সেবায় এগিয়ে আসার এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আবেদন জানিয়েছে সংস্থাটি৷

