পথ কুকুরকে মারধরের প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত হলেন এক মহিলা, ঘটনাটি ঘটেছে মালদা শহরের ৪২০ মোড় এলাকায়। ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই জেলাজুড়ে নিন্দার ঝড় উঠেছে।

অভিযোগ, পথকুকুরকে বাঁচাতে এগিয়ে গেলে এক যুবক ওই মহিলার উপর চড়াও হয় এবং তাঁকে মারধরের পাশাপাশি অ্যাসিড হামলার হুমকিও দেয় বলে অভিযোগ। ঘটনার পর আক্রান্ত মহিলা ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। খবর পেয়ে মালদা অ্যানিমেল কেয়ার ইউনিটের সদস্যরা তাঁর পাশে দাঁড়ান এবং অভিযুক্তের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপের দাবি জানান। স্থানীয়দের একাংশের বক্তব্য, পশুদের উপর নির্যাতন ও প্রতিবাদকারীকে হেনস্থা—দুই ঘটনাই অত্যন্ত নিন্দনীয়। পুলিশ অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে।

