বর্ষার টানা বৃষ্টিতে যখন শহর থেকে গ্রাম সর্বত্রই জল যন্ত্রণায় অতিষ্ঠ জনজীবন। ঠিক সেই সময়েই সোশ্যাল মিডিয়ায় উঠে এল এক অন্যরকম ছবি। মানুষের কাছে যে জমা জল ভোগান্তির কারণ, সেই জলেই মনের আনন্দে ‘পুল পার্টি’ করতে দেখা গেল একদল বাঁদর ছানাকে।জলপাইগুড়ির পাটকাটা সংলগ্ন এলাকায় ধরা পড়ল খুশিতে ভরপুর এই দৃশ্য।

বৃষ্টির জেরে নিচু এলাকায় হাঁটু সমান জল জমেছিল। আর সেই জল যেন বাঁদর ছানাদের কাছে হয়ে উঠল খেলার জায়গা।

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, কেউ দিচ্ছে ডুব, কেউ একে অপরকে জল ছিটিয়ে দিচ্ছে, আবার কেউ বা ছুটছে এক জায়গা থেকে অন্য জায়গায়। তাদের এই শিশুসুলভ উচ্ছ্বাস মুহূর্তেই মানুষের দৈনন্দিন সমস্যার গ্লানিকে যেন ফিকে করে দিয়েছে।
পাটকাটা এলাকায় খাবারের সন্ধানে মাঝেমধ্যেই বাঁদরের দল লোকালয়ে চলে আসে। তবে তাদের এই নির্ভেজাল আনন্দের মুহূর্তটি ক্যামেরাবন্দি করতেই তা দাবানলের মতো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। স্থানীয়দের মতে, প্রকৃতির মাঝে এমন স্বতঃস্ফূর্ত এবং সুন্দর মুহূর্ত খুব কমই দেখা যায়।
ভিডিওটি ভাইরাল হতেই নেটিজেনদের মন্তব্যের বন্যা বয়ে গিয়েছে। কেউ লিখেছেন, “প্রকৃতির মাঝে এমন আনন্দ সত্যিই বিরল,” আবার কারো মতে, “বাঁদর ছানাদের এই খুনসুটি দেখে দিনের সব ক্লান্তি দূর হয়ে গেল।”
মানুষের ভোগান্তির সেই জমা জলেই যখন বাঁদররা খুঁজে নিল আনন্দ, তখন প্রকৃতির সঙ্গে আমাদের সহাবস্থানের বার্তাই যেন নতুন করে স্পষ্ট হলো। ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়ায় কেবল হাসির খোরাক নয়, বরং মন ভালো করা এক অধ্যায় হয়ে দাঁড়িয়েছে।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *