বন্ধুদের সঙ্গে রিল ভিডিও তৈরি করতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ও তাঁর মাকে নিয়ে একাধিকবার কুরুচিকর মন্তব্য করার অভিযোগে শিলিগুড়ির একটি সরকারি স্কুলের একাদশ শ্রেণির এক ছাত্রকে আটক করেছে পুলিশ। ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর শহরজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এর নিন্দা জানিয়েছেন সুভবুদ্ধি সম্পন্ন মানুষেরা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ছাত্রের বাড়ি শিলিগুড়ি পুরনিগমের ৩৪ নম্বর ওয়ার্ডের সূর্যসেন কলোনি এলাকায়। অভিযোগ, বন্ধুদের সঙ্গে একটি রিল ভিডিও তৈরির সময় সে মুখ্যমন্ত্রী ও তাঁর মাকে উদ্দেশ্য করে আপত্তিকর মন্তব্য করে। সেই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় তীব্র বিতর্ক। ভিডিও ভাইরাল হওয়ার পর মঙ্গলবার রাতে স্থানীয় কয়েকজন বাসিন্দা এবং বিজেপি সমর্থকদের একাংশ অভিযুক্ত ছাত্রের বাড়ির সামনে জড়ো হন। অভিযোগ, সেখানে ছাত্রটিকে লক্ষ্য করে ডিম ছোড়া হয় এবং তাকে শারীরিকভাবে হেনস্তাও করা হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এনজেপি থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ওই ছাত্রকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে আইনি প্রক্রিয়া অনুসরণ করে বুধবার তাকে জুভেনাইল কোর্টে পেশ করা হয়।
পুলিশ জানিয়েছে, ভাইরাল ভিডিও, অভিযোগ এবং ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। যেহেতু অভিযুক্ত একজন নাবালক, তাই আইন অনুযায়ী তার পরিচয় গোপন রেখে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। পাশাপাশি আইন নিজের হাতে তুলে না নেওয়ার জন্যও সাধারণ মানুষের প্রতি আবেদন জানিয়েছে পুলিশ। গোটা ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *