অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বেহাল দশায় ক্ষোভ উগড়ে দিলেন এলাকাবাসীরা। ডাবগ্রাম ২ নম্বর অঞ্চলের ভোলানাথ পাড়া এলাকায় অবস্থিত ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি বর্তমানে চরম অব্যবস্থার শিকার হয়েছে বলে অভিযোগ।
স্থানীয় সূত্রে জানা গেছে, কেন্দ্রটির জন্য বরাদ্দ রয়েছে মাত্র একটি ছোট ঘর, যেখানে রান্নার কাজ করা হয়। তবে সেই ঘরেও নেই বিদ্যুতের ব্যবস্থা, ফলে অন্ধকারের মধ্যেই রান্না করতে বাধ্য হন কর্মীরা। অন্যদিকে, শিশুদের পড়াশোনা করানো হয় বাইরের বারান্দায়। বৃষ্টি হলেই জল ঢুকে পড়ে, ফলে শিশুদের চরম অসুবিধার সম্মুখীন হতে হয়। পাশাপাশি, গোটা এলাকাটির পরিচ্ছন্নতার অভাবও চোখে পড়ার মতো।

অভিভাবকদের অভিযোগ, শিশুদের বসার মতো পর্যাপ্ত জায়গা নেই। রান্নাঘর অত্যন্ত ছোট এবং আলো না থাকায় রান্নার সময় পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা কঠিন হয়ে পড়ে। এমনকি, রান্নায় পোকামাকড় পড়ছে কিনা তাও বোঝা যায় না। এছাড়াও নিয়মিতভাবে শিশুদের খাবার সরবরাহ করা হয় না বলেও অভিযোগ উঠেছে। যদিও কেন্দ্রটি স্থানান্তরের জন্য অন্য একটি জায়গা চিহ্নিত করা হয়েছে, এখনও পর্যন্ত সেখানে স্থানান্তর করা হয়নি। স্থানীয়দের দাবি, ভাড়া দিয়ে একটি উপযুক্ত ও নিরাপদ জায়গায় কেন্দ্রটি স্থানান্তর করা হোক, যাতে শিশুদের সঠিক পরিষেবা দেওয়া সম্ভব হয়।

