অবৈধ প্রেমের সম্পর্কের এক চরম এবং মর্মান্তিক পরিণতি দেখল ত্রিপুরা খোয়াই জেলা কল্যাণপুর থানার অন্তর্গত কুঞ্জবন গ্রামের মানুষজন। বুধবার সকালে স্থানীয় একটি নির্জন রাবার বাগানে একই গাছের ডাল থেকে পাশাপাশি ঝুলন্ত অবস্থায় এক যুবক ও এক গৃহবধূর মৃ*তদেহ উদ্ধার হয়। এই জোড়া মৃ*ত্যুর ঘটনায় গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ও শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মৃ*তদের নাম হরিদাস পাল (২৬), পিতা—বুলু পাল এবং পাপিয়া শীল পাল (৩০), স্বামী—জীবন পাল। বুধবার সকালে স্থানীয় বাসিন্দারা রাবার বাগানে একসাথে তাঁদের মৃ*তদেহ ঝুলতে দেখে পুলিশে খবর দেন। ঘটনার খবর পেয়েই কল্যাণপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে মৃ*তদেহ দুটি গাছ থেকে নামিয়ে ময়নাতদন্তের জন্য নিকটবর্তী কল্যাণপুর হাসপাতালে পাঠায়।

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পুলিশ আধিকারিক জানান, প্রাথমিক তদন্ত এবং স্থানীয় সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে অনুমান করা হচ্ছে, এটি অবৈধ প্রেমের এক করুণ পরিণতি। যুবকের বয়স ২৬ এবং গৃহবধূর বয়স ৩০ হওয়ায় তাঁদের এই সম্পর্ককে কেন্দ্র করে হয়তো সামাজিক বা পারিবারিক টানাপোড়েন চলছিল, যার জেরেই তাঁরা এই চরম পথ বেছে নিয়েছেন। এদিকে প্রেমিক-প্রেমিকার এই জোড়া আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে কুঞ্জবন গ্রাম সহ গোটা কল্যাণপুর এলাকায় ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। সমাজের নৈতিক অবক্ষয় এবং যুবসমাজের দিশাহীনতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় শুভবুদ্ধিসম্পন্ন মানুষেরা। উচ্ছন্ন যেতে বসা সমাজকে রক্ষা করতে এবং এই ধরণের সামাজিক ব্যাধি রুখতে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন এলাকার প্রবীণ নাগরিকরা।

