শিলিগুড়ি ইস্টার্ন বাইপাস সংলগ্ন ক্ষুদিরাম পল্লী এলাকায় জলমগ্ন পরিস্থিতি থেকে অবশেষে স্বস্তি ফিরল স্থানীয় বাসিন্দাদের মধ্যে। স্থানীয় একটি দোকানের অবৈধ নির্মাণ ভাঙার ফলেই জল নিস্কাশনে স্বস্তি মিলেছে এলাকায় এমনটাই দাবি স্থানীয়দের।
সম্প্রতি এলাকায় জমে থাকা জল পরিস্থিতি পরিদর্শনে আসেন ডাবগ্রাম-ফুলবাড়ী বিধানসভা কেন্দ্রের বিধায়িকা শিখা চ্যাটার্জি। পরিদর্শনের সময় তিনি লক্ষ্য করেন, ইস্টার্ন বাইপাসের পাশে ড্রেন থাকা সত্ত্বেও একটি দোকানের অবৈধ নির্মাণের কারণে জল নিষ্কাশনে বাধা সৃষ্টি হচ্ছে।

এরপর দ্রুত সেই অবৈধ নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়। নির্দেশ মেনে রবিবার স্থানীয় বিজেপি নেতৃত্ব ও এলাকাবাসীদের উদ্যোগে সংশ্লিষ্ট দোকানের অবৈধ অংশ ভেঙে ফেলা হয়। পাশাপাশি ড্রেনের মধ্যে জমে থাকা আবর্জনাও পরিষ্কার করা হয়, যাতে জল দ্রুত বেরিয়ে যেতে পারে। এই উদ্যোগের ফল মিলতে সময় লাগেনি। অবৈধ নির্মাণ সরিয়ে দেওয়ার পরই ড্রেন দিয়ে জলের প্রবাহ বেড়ে যায় এবং কয়েক ঘণ্টার মধ্যেই এলাকায় জমে থাকা জল অনেকটাই নেমে যায়। ফলে দীর্ঘদিনের জলমগ্ন অবস্থা থেকে কিছুটা স্বস্তি পান বাসিন্দারা।
তবে জল জমে থাকার কারণে গত কয়েকদিন ধরে এলাকায় বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন ছিল। এলাকাবাসীদের আশা, জল নামার পর দ্রুতই বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হবে।
পুরো ঘটনায় যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়, সেদিকে নজর রেখে আশিঘর ফাঁড়ি পুলিশ এবং আশিঘর সাব ট্রাফিক গার্ডের পুলিশ কর্মীরা উপস্থিত থেকে কাজ তদারকি করেন।
অবৈধ নির্মাণ ভেঙে জল নিষ্কাশনের পথ পরিষ্কার হওয়ায় ক্ষুদিরাম পল্লী এলাকায় স্বস্তির হাওয়া বইছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

