ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ শুকনো গাঁ*জা উদ্ধার করল পুলিশ। ত্রিপুরা সিপাহীজলা জেলার সোনামুড়া থানাধীন মজিদাবাড়ী এলাকায় পুলিশের মোবাইল ডিউটি চলাকালীন এই সাফল্য পায়। উদ্ধার হওয়া নিষিদ্ধ গাঁজাগুলির বাজার মূল্য আনুমানিক ২০ লক্ষ টাকা।পুলিশ সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় পুলিশের নিয়মিত টহলদারির সময় পুলিশ কর্মীরা মজিদাবাড়ী আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন এলাকায় কিছু সন্দেহভাজন প্যাকেট দেখতে পান। দীর্ঘক্ষণ অপেক্ষার পরও সেই প্যাকেটের দাবিদার হিসেবে কেউ সামনে আসেনি। এরপর পুলিশ তল্লাশি চালিয়ে সেখান থেকে মোট ৫০টি প্যাকেট উদ্ধার করে। প্যাকেটগুলি খুলে

তার ভেতর থেকে মোট ১০০ কেজি নিষিদ্ধ শুকনো গাঁ*জা পাওয়া যায়। উদ্ধারের পর পুলিশ সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন করে এবং নিষিদ্ধ গাঁ*জাগুলি দাবিহীন সামগ্রী হিসেবে বাজেয়াপ্ত করে থানায় নিয়ে আসে। সোনামুড়া থানার ওসি তাপস দাস সংবাদমাধ্যমকে জানান, উদ্ধারকৃত এই নিষিদ্ধ গাঁ*জার আনুমানিক বাজার মূল্য প্রায় ২০ লক্ষ টাকা। আন্তর্জাতিক সীমান্তের ওপারে অর্থাৎ বাংলাদেশে পাচারের উদ্দেশ্যেই এই গাঁ*জাগুলি মজুত করা হয়েছিল বলে প্রাথমিক অনুমান। এই বিপুল পরিমাণ অবৈধ মা*দক ও গাঁ*জার মালিক কে বা কারা, এবং এই চোরাচালান চক্রের পেছনে কাদের হাত রয়েছে, তা খুঁজে বের করতে সোনামুড়া থানার পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে।

