মা*দক পাচার ও একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তার হলেন প্রভাবশালী তৃণমূল নেতা বকুল শেখ। সোমবার গভীর রাতে কালিয়াচক থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায়। সেখান থেকেই গ্রেপ্তার করা হয় নওদা যদুপুর অঞ্চল কমিটির প্রাক্তন সাধারণ সম্পাদক তথা তৃণমূল নেতা বকুল কে। মঙ্গলবার দুপুরে কড়া পুলিশি নিরাপত্তায় ধৃত তৃণমূল নেতাকে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে। তদন্তের স্বার্থে পুলিশ তাঁকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে বলে সূত্রের খবর। পুলিশের দাবি , এই অভিযোগের তদন্ত করতে আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন।

সীমান্তে মে মাসের ফেনসিডিল পাচার কাণ্ডে নাম জড়ায় বকুলের।
কালিয়াচক থানা পুলিশ সূত্রে জানা গিয়েছে, চলতি বছরের মে মাসে আন্তর্জাতিক সীমান্তের ওপারে পাচারের আগেই কালিয়াচকের একটি গোপন ডেরা থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ ‘ফেনসিডিল’ কাফ সিরাপ উদ্ধার করেছিল পুলিশ। ওই চক্রের মাস্টারমাইন্ডদের খোঁজ চালাতে গিয়েই উঠে আসে তৃণমূল নেতা বকুল শেখের।
সোমবার রাতে তিনি গোপনে নিজের বাড়ি ফিরেছেন এই খবর পাওয়া মাত্রই পুলিশ যদুপুরের বাড়িটি ঘিরে ফেলে এবং তাঁকে হাতেনাতে গ্রেপ্তার করে। পাচার ছাড়াও স্কুলের লকার ভেঙে টাকা চুরি করা থেকে শুরু করে খুন, বোমাবাজি ও এলাকা দখলের একাধিক মামলা রয়েছে তার বিরুদ্ধে। সেই সমস্ত পুরনো মামলার ফাইলও নতুন করে খুলে আদালতে পেশ করছে পুলিশ। মঙ্গলবার সকালে আদালতে নিয়ে যাওয়ার সময় ধৃত তৃণমূল নেতা বকুল শেখ নিজেকে নির্দোষ বলে দাবি করেন ।

