শিলিগুড়ি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় টোটো চলাচল বন্ধের প্রতিবাদে এদিন এয়ারভিউ মোড়ে অবস্থান বিক্ষোভে সামিল হলেন সারা বাংলা ই-রিক্সা (টোটো) চালক ইউনিয়নের সদস্যরা। বৃহস্পতিবার সকাল থেকেই বহু টোটো চালক একত্রিত হয়ে এই আন্দোলনে যোগ দেন এবং নিজেদের সমস্যার কথা তুলে ধরেন।
বিক্ষোভকারীদের দাবি, পূর্বে যেভাবে স্টিকার ভিত্তিক নির্দিষ্ট রুটে টোটো চলাচল করত, সেই পুরনো নিয়ম পুনরায় চালু করতে হবে। তাদের বক্তব্য, হঠাৎ করে বিভিন্ন রাস্তায় টোটো চলাচলে নিষেধাজ্ঞা জারি হওয়ায় বহু চালক চরম আর্থিক সংকটে পড়েছেন। অনেকেই ঋণ নিয়ে টোটো কিনেছেন—বর্তমান পরিস্থিতিতে কীভাবে সংসার চালাবেন বা কিস্তি পরিশোধ করবেন, তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তারা।


চালকদের অভিযোগ, বিষয়টি নিয়ে তারা এসডিও অফিসে স্মারকলিপি জমা দিয়েছেন। পাশাপাশি শিলিগুড়ির বিধায়ক তথা রাজ্যের পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ-এর সঙ্গে দেখা করতে গেলেও তিনি কলকাতায় থাকায় সরাসরি কথা বলা সম্ভব হয়নি। যদিও পরে তাদের আশ্বাস দেওয়া হয় যে তিনি ফিরে এসে বিষয়টি নিয়ে আলোচনা করবেন।
অন্যদিকে, বিধায়ক শিখা চ্যাটার্জি-র সঙ্গেও চালকেরা দেখা করেন। তিনি আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের আশ্বাস দিলেও এখনও পর্যন্ত কোনও কার্যকর পদক্ষেপ দেখা যায়নি বলে অভিযোগ আন্দোলনকারীদের।

এই পরিস্থিতিতে ক্ষোভে ফেটে পড়েছেন টোটো চালকেরা। তাদের স্পষ্ট হুঁশিয়ারি, দ্রুত সমস্যার সমাধান না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে নামবেন তারা।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *