ডাবগ্রাম-২ অঞ্চলের ফকদইবাড়ি এলাকায় একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে চাল চুরির অভিযোগ ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ, বৃহস্পতিবার দুপুরে কেন্দ্রের এক মহিলা কর্মী বস্তায় করে চাল নিয়ে টোটোয় করে কোথাও নিয়ে যাচ্ছিলেন।

স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হলে তাঁরা বিষয়টি খতিয়ে দেখে ওই কর্মীকে হাতেনাতে ধরে ফেলেন। পরে তাঁর কাছ থেকে চালভর্তি বস্তা উদ্ধার হয় বলে জানা যায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এরপর খবর দেওয়া হয় আশিঘর ফাঁড়ির পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত মহিলাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে যায়।
এলাকাবাসীদের দাবি, ওই কর্মীর বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই শিশুদের খাবারের সামগ্রী চুরির অভিযোগ ছিল। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত মহিলা।
পুলিশ জানিয়েছে, পুরো ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত শুরু হয়েছে।

