শিলিগুড়ির ২ নম্বর ওয়ার্ডের বাঘাযতীন কলোনি এলাকায় জমি দখলের অভিযোগ উঠল এক বিজেপি নেতার বিরুদ্ধে। অভিযুক্তের নাম প্রদীপ চৌধরী।
বৃহস্পতিবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে এক সাংবাদিক বৈঠকে অভিযোগ আনেন স্থানীয় বাসিন্দা সুবর্ণা সাহা। তিনি জানান, ২০১২ সালে তাঁদের জমি ভাড়া নিয়ে ব্যবসা করার জন্য নেন প্রদীপ চৌধরী। কিন্তু চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরও তিনি জমি ছাড়েননি। বরং অভিযোগ, ভুয়ো নথি তৈরি করে সেই জমি দখল করে রাখা হয়েছে।

সুবর্ণা সাহার আরও দাবি, বিষয়টি নিয়ে প্রতিবাদ করতে গেলে তাঁদের হুমকির মুখে পড়তে হয়। বর্তমানে এই ঘটনায় দুই পক্ষই আদালতের দ্বারস্থ হয়েছে। পাশাপাশি বিষয়টি স্থানীয় বিধায়ক শঙ্কর ঘোষকে জানানো হলে তিনি বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।
অন্যদিকে, সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি নেতা প্রদীপ চৌধরী। তাঁর দাবি, এগুলি সম্পূর্ণ মিথ্যা ও রাজনৈতিক চক্রান্ত। তিনি বলেন, “সরকার পরিবর্তনের পর আমি বিজেপি করার জন্যই আমাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বদনাম করার চেষ্টা করা হচ্ছে।” পাশাপাশি, তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের জবাবে তিনিও আইনি পদক্ষেপ নেবেন বলে জানান।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।

