ভাগচাষির ধানের জমিতে তান্ডব চালালো বুনো হাতি । ব্যাপক ক্ষতির মুখে ভাগচাষি কৃষক পরিবার। কুমারগ্রাম ব্লক-এর ভলকা বারবিশা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের নতুন বাজার সংলগ্ন পূর্ব শালবাড়ি এলাকার ঘটনা। শ্যামল সুতার নামে এক কৃষক তিন বিঘে জমিতে ভাগচাষি হিসেবে ধান চাষ করেছিলেন সেই জমিতেই বুনো হাতির দল তান্ডব চালায় বলে অভিযোগ। গত কয়েকদিনে বারবার ধানের খেতে তান্ডব চালায় হাতির পাল। বর্তমানে সেই জমি থেকে ধান ঘরে তোলার মতো পরিস্থিতি আর নেই বলেই দাবি কৃষক পরিবারের। প্রতি বছর এই তিন বিঘা জমি থেকে প্রায় ৬৫ থেকে ৭০ মন ধান উৎপাদন হতো বলে জানিয়েছেন কৃষক পরিবারটি। এবারে বেসরকারি ব্যাংক থেকে লোন নিয়ে সার, কীটনাশক, জলসেচ সহ চাষে প্রায় ১৮ থেকে ১৯ হাজার টাকা খরচ হলেও সবটাই কার্যত নষ্ট হয়ে গেছে।


ক্ষতিগ্রস্ত কৃষকদের দাবি, সরকার ও বনদপ্তরের পক্ষ থেকে দ্রুত উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া হোক।
এলাকাবাসীদের অভিযোগ, এই এলাকায় প্রায়ই বুনো হাতির দল লোকালয়ে ঢুকে ফসল ও সম্পত্তির ব্যাপক ক্ষতি করে। তাঁদের দাবি, সংশ্লিষ্ট বিট অফিসে পর্যাপ্ত বনকর্মী নেই। অল্প সংখ্যক কর্মী নিয়ে নিয়মিত হাতির দল সামাল দিতে যথেষ্ট সমস্যার মুখে পড়তে হচ্ছে বনদপ্তরকে। যদিও সীমিত পরিকাঠামোর মধ্যেও বনকর্মীরা দিনরাত চেষ্টা চালিয়ে হাতির দলকে জঙ্গলে ফেরানোর কাজ করছেন বলে জানা গিয়েছে।
বনবিভাগ সূত্রে খবর, ক্ষতিগ্রস্ত ওই কৃষককে নির্দিষ্ট ক্ষতিপূরণের ফর্মে আবেদনের কথা জানানো হয়েছে এবং নির্ধারিত এলাকায় আরো সক্রিয়ভাবে টহল চালাচ্ছে বনকর্মীরা।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *