ধূপগুড়ির ১১ নম্বর ওয়ার্ডে রাতের অন্ধকারে ছেঁড়া হল তৃণমূল-সিপিআইএমের পতাকা, সিসিটিভি ফুটেজ ঘিরে শোরগোল এলাকায়। ভোটের মুখে উত্তপ্ত ধূপগুড়ি। ১১ নম্বর ওয়ার্ডে রাতের অন্ধকারে একের পর এক রাজনৈতিক দলের পতাকা ছেঁড়ার ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়।
স্থানীয় বাসিন্দারা বৃহস্পতিবার সকালে রাস্তায় বেরিয়ে দেখেন, তৃণমূল কংগ্রেস ও সিপিআইএমের একাধিক দলীয় ঝান্ডা ছেঁড়া অবস্থায় রাস্তায় পড়ে রয়েছে। কয়েকটি পতাকা ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে। ঘটনায় কে বা কারা জড়িত, তা নিয়ে প্রশ্ন ওঠে।

এরপরই সামনে আসে দু’টি সিসিটিভি ফুটেজ। সেখানে দেখা যাচ্ছে, রাতের অন্ধকারে এক ব্যক্তি একের পর এক পতাকা ছিঁড়ে রাস্তায় ফেলে দিচ্ছে। ফুটেজ প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে শোরগোল পড়ে যায়। প্রশ্ন উঠছে— কেন এই কাজ? প্রতিহিংসা, নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে?
ঘটনার তীব্র নিন্দা করেছে সব পক্ষই।
সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তকে চিহ্নিত করার চেষ্টা চলছে। ঘটনাকে ঘিরে শুরু হয়েছে তৃণমূল – বিজেপি রাজনৈতিক তরজা।

