একদিকে ঝড় ও শিলাবৃষ্টিতে উত্তরবঙ্গের চাষীরা ক্ষতিগ্রস্ত, অন্যদিকে সাতসকালে গলায় ফাঁস দিয়ে কৃষকের মৃত্যু ঘিরে শুরু হয়েছে নানান জল্পনা। ধুপগুড়ি মহকুমার গধেয়ারকুঠি গ্রাম পঞ্চায়েতের ভান্ডানি এলাকার ঘটনায় শোকের ছায়া নেমেছে। জানা যায় এদিন সাত সকালে বাড়ির পাশের বাঁশঝার থেকে বছর ৬১ এর পরেশ সরকারের ঝুলন্ত দেহ দেখতে পায় বাড়ির লোক।

নিমেষেই সেই খবর ছড়িয়ে পড়তেই প্রচুর লোক ভিড় করে সেই বাড়িতে। পরে পুলিশ পৌঁছে সেই ব্যক্তির দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জলপাইগুড়িতে পাঠায়। পরে মৃত পরেশ সরকারের স্ত্রী জগত্তারা সরকার জানান কেন তার স্বামী ঘটনা ঘটালো তা তিনি বুঝতেই পারছেন না। তবে সন্দেহ করছেন হয়তো আর্থিক অনটনের জেরেই এই ঘটনা। এদিকে পরিবার সূত্রে জানা যায় মূলত কৃষিকাজ এবং শ্রমিক হিসেবেই এলাকায় পরিচিত পরেশ সরকার। পরিবারের সদস্যরা জানায় এবারও বিঘা কয়েক ভুট্টা চাষ করেছেন, যার কিছুটা ছাগলে খেয়ে এবং ঝড়ে ক্ষতি হয়েছে। তবে বয়স্ক ওই ব্যক্তির আসল মৃত্যুর কারণ নিয়ে রহস্য দানা বেধেছে।

