প্রবল ঝড় ও শিলাবৃষ্টিতে লণ্ডভণ্ড ডুয়ার্স, ব্যাপক ক্ষয়ক্ষতি দুরামারিতে।জলপাইগুড়ি জেলার বানারহাট ও ধুপগুড়ি ব্লকের একাধিক এলাকায় এই প্রাকৃতিক দুর্যোগে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ।বিশেষ করে ডুয়ার্সের দুরামারি এলাকায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। প্রকৃতির তাণ্ডবে কার্যত লণ্ডভণ্ড হয়ে গেছে এই অঞ্চল। স্থানীয়দের বক্তব্য অনুযায়ী, সন্ধ্যা প্রায় সাড়ে ছটা নাগাদ হঠাৎ করেই আকাশ কালো মেঘে ঢেকে যায়। কিছুক্ষণের মধ্যেই শুরু হয় প্রবল ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টি। টানা প্রায় রাত নটা পর্যন্ত চলে এই ঝড়-বৃষ্টি। ঝড়ো হাওয়ার তীব্রতা এতটাই ছিল যে বহু কাঁচা ও টিনের ঘরের চাল উড়ে যায় এবং অনেক বাড়ি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়।প্রবল ঝড়ে বিভিন্ন এলাকায় বড় বড় গাছ উপড়ে পড়ে রাস্তায়, ফলে বহু গ্রামীণ সড়কে যান চলাচল ব্যাহত হয়।

কোথাও কোথাও রাস্তা সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। স্থানীয় বাসিন্দারা নিজেরাই উদ্যোগ নিয়ে গাছ সরিয়ে রাস্তা পরিষ্কার করার কাজ শুরু করেছেন। এছাড়াও ঝড়ের তাণ্ডবে বিদ্যুতের খুঁটি ও তার ক্ষতিগ্রস্ত হওয়ায় একাধিক এলাকায় বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এই দুর্যোগে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন এলাকার কৃষকেরা। শিলাবৃষ্টি ও টানা বৃষ্টির ফলে বিঘার পর বিঘা কৃষিজমির ফসল নষ্ট হয়ে গেছে। আলু, শিম, মটরশুঁটির মতো সবজির ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানা গেছে। এতে করে দিশেহারা হয়ে পড়েছেন স্থানীয় কৃষকরা। শুধু ফসল নয়, বহু পরিবারের ঘরবাড়িও ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। কোথাও বাড়ির ওপর বড় গাছ ভেঙে পড়েছে, কোথাও আবার ঝড়ের দাপটে টিনের চাল উড়ে গিয়ে পড়েছে অন্যত্র।এই ঘটনায় যদিও বড় কোনো প্রাণহানির খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি, তবে বহু পরিবার আতঙ্কের মধ্যে রাত কাটিয়েছেন। এখনও পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে এই ঘটনার বিষয়ে কোনো আনুষ্ঠানিক ক্ষয়ক্ষতির পরিসংখ্যান প্রকাশ করা হয়নি। ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দারা দ্রুত সরকারি সাহায্যের আশায় প্রহর গুনছেন।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *