ময়নাগুড়ি ব্লকের রাজারহাট শিশুয়াবাড়ি এলাকায় তৈরি হচ্ছে নতুন হিমঘর। দ্রুততার সঙ্গে কাজ শেষ করতে জোর কদমে কাজ চলছে সেখানে। কিন্তু সেই কাজ অত্যন্ত নিম্নমানের হচ্ছে বলে অভিযোগ করেন গ্রামবাসীরা। শনিবার স্থানীয়রা একত্রিত হয়ে বিক্ষোভে সামিল হন। স্থানীয়দের অভিযোগ, হিমঘর দ্রুত চালু করতে কাজ খুবই নিম্নমানের হচ্ছে। ভিতরে যে পিলার তৈরি করা হয়েছে অত্যন্ত নিম্নমানের। নিরাপত্তা ছাড়াই কাজ করা হচ্ছে হিমঘরে। স্থানীয়দের দাবি, যার ফলে কিছুদিন আগে বিদ্যুতের শক লেগে একজনের মৃত্যু হয়েছে।

স্ল্যাব ভেঙে একজন গুরুতর আহত হয়েছেন। এমনকি দু দিন আগেই একজনের মাথা গুরুতর ভাবে ফেটে গিয়েছে। শনিবার সকালে অস্থায়ী ক্যাম্পে আগুন লাগার ঘটনা ঘটেছে। এই অবস্থায় স্থানীয়রা নিরাপত্তা হীনতায় ভুগছেন। তাই তারা বিক্ষোভে সামিল হন এদিন। স্থানীয় বাসিন্দা জ্যোতিষ রায় বলেন,” যে রড দিয়ে বিল্ডিং করার কথা সেগুলো ব্যবহার করা হচ্ছে না। ভিতরে একেবারে নিম্নমানের কাজ হয়েছে। যখন তখন এই হিমঘর ভেঙে যেতে পারে। তাই আমরা এই কাজ বন্ধ করে দিয়েছি।” দীপঙ্কর রায় বলেন,” এই হিমঘর চালু হয়ে গেলে যখন তখন বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। এরফলে সমস্যায় পড়ব স্থানীয়রা। তাই আমরা কাজ বন্ধ করে দিলাম।” এই বিষয়ে ময়নাগুড়ি ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রসেনজিৎ কুন্ডুকে ফোন করা হলে তিনি জানান, লিখিত অভিযোগ জমা পড়লে বিষয়টি তিনি খতিয়ে দেখবেন।”

