গঙ্গায় স্নান করতে গিয়ে তলিয়ে গেল তিন নাবালিকা। মানিকচক থানার গোপালপুরের শান্তিপুর ঘাটে গঙ্গায় স্নান করতে গিয়ে তলিয়ে যায় তারা। ঘটনার পর একজনের দেহ উদ্ধার হলেও খবর লেখার সময় বাকি দুই জনের খোজ মেলেনি। উদ্ধার হওয়া নাবালিকার নাম তিথি মণ্ডল। এস ডি আর এফ টিমের চেষ্টায় তার দেহ উদ্ধার হয়।

স্থানীয় যুবক, গ্রামবাসী, সিভিল ডিফেন্স ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং এস ডি আর এফ টিম যৌথভাবে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছ। এলাকার মানুষ এস ডি আর এফ ও সিভিল ডিফেন্স টিমকে সর্বাত্মক সহযোগিতা করছেন। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই শান্তিপুর ঘাট এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারগুলির মধ্যে চরম আতঙ্ক ও উদ্বেগ দেখা যাচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, নদীর এই অংশে স্রোত বেশি থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। তাই ঘাটে আরও সতর্কতা ও নজরদারির দাবি জানিয়েছেন তাঁরা।
পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার অভিযান চলছে এবং বাকি দুই বালিকার দেহ যত তাড়াতাড়ি সম্ভব উদ্ধারের চেষ্টা করা হবে।

