আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে গুরুত্বপূর্ণ রাজনৈতিক অবস্থান স্পষ্ট করল কামতাপুর প্রগ্রেসিভ পার্টি (KPP)। শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে সংগঠনের সদস্যরা জানালেন, তারা তিনটি বিধানসভা কেন্দ্রে কামাতাপুর স্টেট ডিমান্ট কাউন্সিল (KSDC)-এর প্রার্থীদের সমর্থন করবেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ডাবগ্রাম-ফুলবাড়ী, মাটিগাড়া-নকশালবাড়ি এবং ফাঁসিদেওয়া—এই তিনটি বিধানসভা কেন্দ্রে KSDC প্রার্থীদের হয়ে সক্রিয়ভাবে ভোট প্রচারে নামবে KPP। পাশাপাশি সাধারণ মানুষের কাছে ওই প্রার্থীদের ভোট দেওয়ার আবেদনও জানানো হয়েছে।

এদিনের বৈঠকে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনাও শোনা যায়। সংগঠনের দাবি, বছরের পর বছর ধরে শুধু প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে উন্নয়নের কাজ খুব কমই হয়েছে। বিশেষ করে উত্তরবঙ্গের বঞ্চনার প্রসঙ্গ তুলে তারা ক্ষোভ প্রকাশ করেন।
একই সঙ্গে, পৃথক কামতাপুর রাজ্যের দাবিও পুনরায় জোরালোভাবে তুলে ধরে KPP নেতৃত্ব। তাদের মতে, এই দাবির পূরণেই এলাকার সামগ্রিক উন্নয়ন সম্ভব।

