পণ্যবাহী গাড়ির ধাক্কায় ক্ষতিগ্রস্ত হলো বেশ কয়েকটি টোটো, ভেঙে গেল রাস্তার পাশের বৈদ্যুতিক খুঁটি। দুর্ঘটনায় আহত বেশ কয়েকজন।রবিবার দুপুরে দুর্ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি শহরের সংহতি নগর মোড় সংলগ্ন এলাকায়। জানা গিয়েছে, ধূপগুড়ির থেকে ফালাকাটার দিকে যাচ্ছিল একটি পণ্যবাহী গাড়ি। সংহতি নগর সংলগ্ন এলাকায় প্রথমে একটি টোটোতে ধাক্কা মারে গাড়িটি, এরপর ডিভাইডারে ধাক্কা মেরে উল্টো লাইনে ঢুকে গিয়ে বৈদ্যুতিক খুটিতে ধাক্কা মেরে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। আর গাড়িটিকে এভাবে ধেয়ে আসতে দেখে রীতিমতো আতঙ্কে রাস্তা থেকে দৌড়ে পালাতে থাকে মানুষজন।

এরপর রাস্তা দিকে যাওয়া একের পর এক টোটোতে ধাক্কা মেরে ওই স্থান থেকে দ্রুত গতিতে এগিয়ে যায়। রেজিস্ট্রি অফিস সংলগ্ন এলাকায় রাস্তার পাশে গাড়ি দাঁড় করিয়ে দৌড়ে পালায় চালক ও খালাসী। দুর্ঘটনা জেরে ক্ষতি হয়েছে বেশ কয়েকটি টোটোর।পাশাপাশি পণ্যবাহী গাড়িটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনায় টোটো চালক সহ কয়েকজন আহত হয়েছে।স্থানীয়রা আহতদের উদ্ধার করে নিয়ে যায় ধূপগুড়ি মহকুমা হাসপাতালে। খবর পেয়ে ঘটনাস্থলের ছুটে আসে ধূপগুড়ি ট্রাফিক ওসি বসন্ত পাখরিন লামা সহ পুলিশ বাহিনী। দুর্ঘটনাগ্রস্থ গাড়িটিকে আটক করেছে পুলিশ। পাশাপাশি চালক খালাসীর খোঁজ চালানো হচ্ছে।

