মোমিনা বিবির পর এবার আসাম সরকারের এন আর সির নোটিশ পেলেন তুফানগঞ্জ ২নং ব্লকের রামপুর-২ গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা দীপঙ্কর সরকার। অসম ফরেনার্স ট্রাইব্যুনাল এর পক্ষ থেকে নোটিশ পাঠানো হয়েছে তাকে। অসম সরকারের তরফে একের পর এক এন আর সি নোটিস পাচ্ছে এই বাংলার বাসিন্দারা। শুক্রবার বিষয়টি জানাজানি হওয়ায় নতুন করে শুরু হয়েছে বিতর্ক। জানা যায়, তুফানগঞ্জ-২ ব্লকের রামপুর-২ গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ রামপুর এলাকার বাসিন্দা দীপঙ্কর সরকার। অসম সরকারের তরফে তাকে একটি নোটিশ পাঠানো হয়েছে। মাস দেরেক আগে নোটিসটি হাতে পান তিনি।

তিনি বলেন, দুই-তিন বছর আগে অসমের গুয়াহাটিতে কাঠমিস্ত্রির কাজ করতেন তিনি। পরবর্তীতে সেখান থেকে বাড়ি ফিরে এসে বর্তমানে বাড়িতেই রয়েছেন তিনি। মাস দেরেক আগে নোটিশটি হাতে পেয়ে কাউকে জানাননি। তার দাবি আমার বাবা কাকার জন্ম এখানে I বাংলার আধার কার্ড, ভোটার কার্ড থাকা সত্ত্বেও আসাম সরকার আমাকে এন আর সি নোটিশ দিয়েছে, এতে আতঙ্কে রয়েছি।
বৃহস্পতিবার মোমিনা বিবির বিষয়টি খবরে দেখেন তিনি। এরপর বিষয়টি তার বাড়িতে জানান । আজ তার বাড়িতে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দে ভৌমিক দেখা করতে আসবেন বলে জানা গিয়েছে।
গতকাল তুফানগঞ্জ-২ ব্লকের শালবাড়ি-১ গ্রাম পঞ্চায়েত এলাকার বাঁশরাজা গ্রামের বাসিন্দা মোমিনা বিবির কাছেও এমন একটি নোটিস আসার খবর এসেছিল।এর আগে কোচবিহারের দিনহাটার বাসিন্দা উত্তমকুমার ব্রজবাসীও এই নোটিস এসেছিল বলে জানা গিয়েছে I ফের এই তালিকায় নাম এলো তুফানগঞ্জ-এর রামপুরের বাসিন্দা দীপঙ্কর সরকারের। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

