শিলিগুড়ির ইস্টার্ন বাইপাস সংলগ্ন জলেশ্বরী বাজার এলাকায় সম্প্রতি চুরির ঘটনা উদ্বেগজনকভাবে বেড়ে গিয়েছে। গত কয়েকদিন ধরে ওই এলাকার বেশ কিছু দোকানে চোরের উপদ্রব দেখা দিয়েছে বলে অভিযোগ জানান স্থানীয়রা। মূলত দোকানগুলির ইলেকট্রিক ও এসির তার চুরি করে নিয়ে যাচ্ছে দুষ্কৃতীরা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত দু’দিনে বেশ কয়েকটি দোকানে চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার ভোরে বাইপাসের ধারে একটি গাড়ির দোকানে ফের চুরি হয়। ওই দোকান থেকে দুটি এসির তার চুরি করে পালিয়ে যায় চোরেরা। এর ঠিক দু’দিন আগেও ওই একই দোকানে ওয়ারিং এর তার চুরির ঘটনা ঘটেছিল।

পুনরায় চুরির ঘটনার পর ক্ষতিগ্রস্ত দোকান মালিক আশিঘর ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, শুধু দোকান নয়, কিছুদিন আগে পাশের একটি বাড়িতেও চুরি হয়েছিল। এরপর থেকেই একের পর এক দোকানে চুরির ঘটনা ঘটছে।
স্থানীয়রা পুলিশের কাছে দাবি জানিয়েছেন, এলাকায় রাত্রিকালীন টহলদারি বাড়ানো হোক এবং এই ঘটনার দ্রুত তদন্ত করে দোষীদের গ্রেপ্তার করা হোক।

