শ্রাবণ মাসের চতুর্থ সোমবার উপলক্ষে ভক্তদের ঢলে জমজমাট হয়ে উঠল বীরভূমের ঐতিহ্যবাহী বক্রেশ্বর শিবক্ষেত্র। বাবা বক্রনাথের মাথায় জল ঢেলে পুজো দিতে রাত থেকেই অসংখ্য শিবভক্ত বক্রেশ্বর মন্দিরে ভিড় জমাতে শুরু করেন।

সোমবার ভোর হতেই মন্দির চত্বরে বাড়তে থাকে ভক্তদের ভিড়। দূরদূরান্ত থেকে আসা পুণ্যার্থীরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে বাবা বক্রনাথের দর্শন করেন এবং শিবলিঙ্গে পবিত্র জল নিবেদন করেন। ভক্তদের ‘বোল বাম’ ধ্বনিতে মুখর হয়ে ওঠে গোটা বক্রেশ্বর শিবক্ষেত্র।

