উত্তরবঙ্গের অন্যতম ধর্মীয় উৎসব ও ঐতিহ্যবাহী জল্পেশ মন্দিরের শ্রাবণী মেলা এবার আরও সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে কোমর বেঁধে নেমেছে রাজ্য প্রশাসন। আগামী ১৯ জুলাই থেকে শুরু হতে চলেছে এই মেলা। প্রতিবছরের মতো এবারও তিস্তা নদীর ঘাট থেকে পবিত্র জল মাথায় নিয়ে হাজার হাজার ভক্ত জল্পেশ মন্দিরে এসে দেবাদিদেব মহাদেবের মাথায় জল ঢালবেন।
মেলার নিরাপত্তা, ভক্তদের সুবিধা এবং সামগ্রিক ব্যবস্থাপনা খতিয়ে দেখতে শুক্রবার মন্দির প্রাঙ্গণে একটি উচ্চপর্যায়ের পরিদর্শন করা হয়। পরিদর্শন উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রীর প্রতিনিধি, জেলার শীর্ষ প্রশাসনিক আধিকারিক এবং স্থানীয় জনপ্রতিনিধিরা।

দূর-দূরান্ত থেকে আগত তীর্থযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ পুলিশি টহল ও নজরদারির ব্যবস্থা করা হচ্ছে। ভক্তদের যাতায়াত, পানীয় জল, এবং স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বপূর্ণ পরিকল্পনা নেওয়া হচ্ছে।
তিস্তা নদীর ঘাটে ভিড় নিয়ন্ত্রণ এবং সুষ্ঠুভাবে জল সংগ্রহের জন্য বিশেষ উদ্যোগ নেওয়ার কথা জানানো হয়েছে।
প্রশাসনিক আধিকারিকদের কথায়, “লাখ লাখ মানুষের সমাগম হয় এই শ্রাবণী মেলায়। দর্শনার্থীদের যাতে কোনো অসুবিধা না হয়, তার জন্য রাজ্য সরকার সবরকম সহযোগিতা করছে। দ্রুত সমস্ত প্রস্তুতির কাজ সম্পন্ন করা হবে।”
মেলার দিনগুলি যাতে প্রতিটি ভক্তের জন্য আনন্দময় ও শান্তিপূর্ণ হয়, তার জন্য যাবতীয় প্রস্তুতি খতিয়ে দেখছেন দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *