বর্গভীমা মায়ের মাহাত্ম্য এবার ছড়িয়ে পড়বে দেশ-বিদেশে। সেই লক্ষ্যেই বিশেষ উদ্যোগ নিল ভারতীয় ডাক বিভাগ। তমলুকের ঐতিহ্যবাহী বর্গভীমা মন্দির-এর নামে প্রকাশ করা হলো একটি বিশেষ ডাক খাম (স্পেশাল পোস্টাল কভার) ।

ঐতিহাসিক তাম্রলিপ্ত বা বর্তমান তমলুক শহরের মধ্যমণি হয়ে আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে একান্ন সতীপীঠের অন্যতম দেবী বর্গভীমার মন্দির। ওড়িশি স্থাপত্যের আদলে নির্মিত প্রায় ৬০ ফুট উচ্চতার এই দেউলের গায়ে রয়েছে অসংখ্য টেরাকোটার কারুকাজ। মন্দিরের গর্ভগৃহে কালো পাথরে নির্মিত দেবীমূর্তি পূজিত হন উগ্রতারা রূপে। ইতিহাস ও লোকবিশ্বাসে ঘেরা তমলুকের এই প্রাচীন মন্দির ঘিরে বছরের সব সময়েই ভক্তদের আনাগোনা লেগে থাকে।
আজ দেবী বর্গভীমা মায়ের মন্দিরের চরণে এই পোস্টাল খামগুলি পুজো দেওয়ার পরেই প্রকাশ করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তমলুক মহকুমা শাসক সৌভিক মুখার্জি, প্রাক্তন বিধায়ক ব্রহ্মময় নন্দ, সহ বিশিষ্ট ব্যক্তি ও মন্দিরের সেবাইত এবং কয়েকশো ভক্তরা।

