বানারহাটের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরেই বেআইনিভাবে মদ বিক্রির অভিযোগ উঠছিল। অবশেষে সেই অভিযোগের ভিত্তিতে বড়সড় অভিযান চালাল বানারহাট থানার পুলিশ।
এদিন বানারহাট থানার বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে কারবালা চা বাগানের বেলভুটিয়া লাইন, চামুর্চি রোড এবং বানারহাট এলআরপি মোড় এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে বিপুল পরিমাণ অবৈধ মদ উদ্ধার করে পুলিশ। অভিযানের সময় বেআইনিভাবে মদ বিক্রির অভিযোগে এক রেস্তোরাঁ মালিককে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি বিভিন্ন এলাকা থেকে মোট ১২ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, বানারহাটের বিভিন্ন এলাকায় অবৈধ মদ বিক্রির জেরে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর প্রবণতা বেড়ে গিয়েছিল। এর ফলে একাধিক সড়ক দুর্ঘটনার ঘটনাও ঘটেছে বলে অভিযোগ। তাই পুলিশের এই কড়া অভিযানে স্বস্তি প্রকাশ করেছেন এলাকার সাধারণ মানুষ। বানারহাট থানার আইসি সুরোজ থাপা বলেন, বেআইনি মদ বিক্রি ও অন্যান্য অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে আগামী দিনেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *