বাড়ির ভেতর থেকে উদ্ধার হলো ৪৫ বছর বয়সী গোপাল বণিকের নিথর দেহ
জানা গেছে, মৃত গোপাল বাবু ওই বাড়িতে একাই থাকতেন। গত তিনদিন ধরে তাঁর বাড়ির দরজা ভেতর থেকে বন্ধ ছিল। প্রতিবেশী ও পরিচিতরা তাঁর কোনো সারা শব্দ না পাওয়ায় এলাকায় উদ্বেগ বাড়তে থাকে।
দীর্ঘক্ষণ ডাকাডাকি করার পরেও আজ সকালে দরজা না খোলায় সন্দেহ আরও দানা বাঁধে।

অবশেষে স্থানীয়দের মারফত খবর দেওয়া হয় মালবাজার থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বন্ধ দরজা ভেঙে ভেতরে ঢুকলে, দেখা যায় ঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় রয়েছেন গোপাল বণিক।
তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
মৃত্যুর সঠিক কারণ খতিয়ে দেখতে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে মালবাজার থানার পুলিশ।
একাকী থাকা এই ব্যক্তির এমন পরিণতিতে এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

