ত্রিপুরা সিপাহীজলা জেলা টাকারজলার গারোবাজার এলাকায় এডিসি নির্বাচনী প্রচারের শেষ দিনে বিজেপি ও তিপ্রামথা দুই দলের কর্মীদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়, যা দ্রুত হিংসাত্মক সংঘর্ষে রূপ নেয়। তিপ্রামথা দলের কর্মীদের অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তাদের নেতা-কর্মীদের ওপর হামলা চালিয়েছে এবং এতে বিজয় দেববর্মা নামে তিপ্রামথা দলের এক কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। অন্যদিকে, বিজেপি কর্মীদের অভিযোগ যে, তিপ্রামথা দলের সমর্থকরা টাকারজলা বিজেপি মণ্ডলের সভাপতি ও বিজেপি প্রার্থী নির্মল দেববর্মার বাড়িতে চড়াও হয়ে ভাঙচুর চালিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে সিপাহিজলা জেলার পুলিশ সুপার বিজয় দেববর্মা সহ আরও অন্তত ৬ জন পুলিশ কর্মী পাথর ও গুলতির আঘাতে গুরুতর আহত হন।

এদিকে, সংঘর্ষে আহত তিপ্রামথা দলের কর্মীদের দেখতে টাকারজলা হাসপাতালে ছুঁটে যান গোলাঘাটি বিধানসভা কেন্দ্রের বিধায়ক মানব দেববর্মা। তিনি হাসপাতালে গিয়ে তিপ্রামথা দলের কর্মীদের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং এই হামলার তীব্র নিন্দা জানান। অপরদিকে, তিপ্রামথা নেতা-কর্মীদের ওপর হামলা এবং পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে তিপ্রামথা দলের মহিলা সমর্থকরা টাকারজলা থানার সামনে ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করেন। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ ও ত্রিপুরা স্টেট রাইফেলস জওয়ানদের।

