আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ডাবগ্রাম-ফুলবাড়ী কেন্দ্রে দেখা গেল এক অনন্য রাজনৈতিক দৃশ্য। যেখানে একদিকে বিজেপির প্রার্থী মা শিখা চ্যাটার্জী, অন্যদিকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছেলে রঞ্জনশীল শর্মা—একই আসনে মুখোমুখি লড়াইয়ে নামছেন মা ও ছেলে।বৃহস্পতিবার সকালে প্রচার শুরুর আগে রঞ্জনশীল শর্মা নিজের বাড়িতে গিয়ে মায়ের পা ছুঁয়ে প্রণাম করে আশীর্বাদ নেন এবং মিষ্টিমুখ করেন। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকলেও পারিবারিক সম্পর্ক যে অটুট, সেই বার্তাই উঠে আসে এই ঘটনায়।জানা গিয়েছে, শিখা চ্যাটার্জীর হাত ধরেই রাজনীতিতে প্রথম পা রাখেন রঞ্জনশীল শর্মা। সেই সূত্রেই তিনি তাকে নিজের রাজনৈতিক “মা” হিসেবে মানেন।

এদিন শিখা চ্যাটার্জী বলেন, “ছেলে আশীর্বাদ নিতে এসেছে, আমি আশীর্বাদ করেছি। তবে আমাদের রাজনৈতিক মতাদর্শ আলাদা। আমার পথ আলাদা, ওর পথ আলাদা—তবুও আমাদের সম্পর্ক নষ্ট হবে না। তৃণমূল ইচ্ছাকৃতভাবে এই প্রার্থী দিয়েছে বিভাজন তৈরির জন্য।”অন্যদিকে রঞ্জনশীল শর্মা জানান, “মায়ের আশীর্বাদ নিয়ে প্রচার শুরু করলাম। গত পাঁচ বছরে মানুষ দেখেছে উনি কী কাজ করেছেন। ডাবগ্রাম-ফুলবাড়ীর একটি বড় অংশ পুরনিগমের আওতায় থাকলেও সংলগ্ন গ্রামাঞ্চলের মানুষ অনেক মৌলিক পরিষেবা থেকে বঞ্চিত। আমরা ক্ষমতায় এলে এই এলাকাকে আলাদা পুরসভা হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে এবং একটি কলেজ প্রতিষ্ঠার দিকেও গুরুত্ব দেওয়া হবে।”
রাজনৈতিক মহলের মতে, এই আসনে মা-ছেলের লড়াই ইতিমধ্যেই চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। একদিকে রাজনৈতিক মতাদর্শের সংঘাত, অন্যদিকে পারিবারিক সম্পর্কের মাধুর্য—দুইয়ের মেলবন্ধনে ডাবগ্রাম-ফুলবাড়ীর এই নির্বাচন রাজ্যের অন্যতম আকর্ষণীয় লড়াই হয়ে উঠতে চলেছে।

