ভাই বোনকে সঙ্গে নিয়ে মদ্যপ অবস্থায় স্ত্রীর গলা টিপে ধরে মেরে ফেলার অভিযোগ। ঘটনাটি ঘটেছে ধুপগুড়ি ব্লকের বারোঘরিয়া গ্রাম পঞ্চায়েতের সোনারডাঙ্গা এলাকায়। অভিযোগ স্বামী তপন সরকার প্রায়ই মদ্যপ অবস্থায় বাড়িতে এসে স্ত্রী জয়ধনি সরকারের উপর মারধর সহ শারীরিক অত্যাচার চালায়। এমনকি দেওর স্বপন সরকার এবং ননদ সুমিত্রা বৈরাগী মিলে গৃহবধূকে বাবার বাড়ি থেকে টাকা নিয়ে আসার জন্য চাপ দেয়, মারধরও করে বলে অভিযোগ । বিয়ের পর থেকেই এরকম অত্যাচার চলতো বলে অভিযোগ করেন গৃহবধূ জয়ধনী সরকার।

এর আগেও এই অত্যাচারের বিষয়ে স্থানীয় পঞ্চায়েত প্রশাসনকে জানিয়েও কোনরকম সুরাহা হয়নি। গতকাল রাত ৮ টা নাগাদ মদ্যপ স্বামী বাড়িতে এসে ফের অত্যাচার শুরু করে। এরপর হাতের সামনে থাকা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পেটে। দেওর এবং ননদ মিলে গলা টিপে ধরে প্রাণে মেরে ফেলার চেষ্টাও করে বলে অভিযোগ। কোনক্রমে পালিয়ে বেঁচে ওই গৃহবধূ তার দাদাকে ফোন করে। দাদা জয়দেব মণ্ডল ছুটে এসে ধুপগুড়ি মহাকুমা হাসপাতালে নিয়ে যায় আহত জয়ধনি সরকারকে। অবশ্য এই বিষয়ে ধুপগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। পুলিশ সূত্রের খবর অভিযোগের ভিত্তিতে গোটা ঘটনার তদন্ত শুরু হবে।

