বিরিয়ানির মাংসে কিলবিল করছে পোকা। বিষয়টি জানতে পেরেই ক্ষোভের সঞ্চার হয় গ্রাহকদের মধ্যে। জানানো হয় পুলিশকে। এনজিপি থানার পুলিশ এসে আটক করে ৫ অভিযুক্তকে। রবিবার রাত্রে এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে লেকটাউনের নামী এক বিরিয়ানির দোকানে।
পুরসভার ৩৩ নম্বর ওয়ার্ডের লেকটাউনের একটি বিরিয়ানির (হাজী) দোকানে স্বল্প মুল্য বিক্রি হয় সুস্বাদু বিরিয়ানি। আর সেখানেই দিনভর বিরিয়ানি খেতে ভীড় জমান বিরিয়ানি ভক্ত মানুষেরা। আর সেই বিরিয়ানির দোকানের মটন বিরিয়ানিতে মিললো পোকা। জানা গেছে এক ক্রেতা রাত্রি ১১টা নাগাদ বেশ কয়েক প্যাকেট মটন বিরিয়ানি কিনে বাড়ি নিয়ে যান। পরবর্তীতে পরিবারের সদস্যরা সেটা খেতে গেলে তাদের নজরে পরে মাংসে পোকা।

বিষয়টি জানাজানি হতেই ক্ষোভের সৃষ্টি হয় স্থানীয় ক্রেতাদের মধ্যে। খবর দেওয়া হয় এনজেপি থানায়। এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ গিয়ে দোকানের ৫ সদস্যকে আটক করে থানায় নিয়ে আসে।
মঙ্গলবার ফের বিষয়টি নিয়ে তদারকিতে আসেন ভারত সরকারের খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকেরা। এদিন এনজেপি থানার পুলিশের সহযোগিতায় লেকটাউনের সেই বিরিয়ানির দোকানে পৌঁছান তারা। দোকান খুলে দোকানে থাকা সমস্ত সামগ্রী খতিয়ে দেখে সেখান থেকে নমুনা সংগ্রহ করেন খাদ্য দপ্তরের কর্মীরা। সমস্ত বিষয় খতিয়ে দেখার পরেই আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেই জানা গেছে খাদ্য দপ্তর সুত্রে।

